মানুষ ও ভালবাসা
দিনের অনেকটা সময়ই স্বামীজীর কথা পড়ে, ভেবে কাটাই। আগে – দু বছর আগেও নিয়ম করে বসতে হত। এখন অভ্যাস হয়ে গেছে ওটুকু। সবদিন পড়া না হলেও, মনের মধ্যে কথাগুলো রিওয়াইন্ড করে করে চালাতে থাকি। "It is love and love alone that I preach, and I base my teaching on the great Vedantic truth of the sameness and omnipresence of the Soul of the Universe."
একদিন অবসর সময়ে মনে হল, কিছু কিছু keyword দিয়ে দেখা যাক, নিজের কথায় ও লেখায় সেগুলো স্বামীজী কতবার বলেছেন। COMPLETE WORKS-এ সবচেয়ে বেশিবার উচ্চারিত শব্দ কোনটি জানেন? না, 'God' নয়, 'Religion' নয়, 'Hindu' নয়, 'Vedanta' নয়। সবচেয়ে বেশিবার স্বামীজী বলেছেন 'MAN' কথাটি। যন্ত্রের হিসেব মানতে গেলে, ৫৩৪২ বার এই শব্দটি স্বামীজীর আলোচনায় ফিরে ফিরে এসেছে। মানুষ। হরি মহারাজের সঙ্গে একবার দেখা হওয়ায় বলেছিলেন, "ধর্ম কর্ম কতটা কী হল জানি না, কিন্তু খুব feel করতে পারি মানুষের জন্য।" সেই মানুষ। যাকে স্বামীজী শিবজ্ঞানে পূজা করেছেন। বলেছেন – "আমার মূর্খনারায়ণ, দরিদ্রনারায়ণ, পাপীনারায়ণ।"
আর কোন শব্দটি স্বামীজীর কথায় সবচেয়ে বেশি ফিরে ফিরে এসেছে জানেন? 'LOVE' – ২৯৬৯ বার! আমার মাথায় আবার রিওয়াইন্ড হতে থাকে – "We will and must go on ... until we conquer through love, until we have demonstrated to the world that love alone is the fittest thing to survive and not hatred, that it is gentleness that has the strength to live on and to fructify, and not mere brutality and physical force."
ঠাকুরের একটি কথা ছিল – "ভক্ত হবি, তা বলে বোকা হবি কেন!" স্বামীজীর প্রায় সমতুল ভাবনাটি ছিল – সন্ন্যাসী হব, তা বলে মানবিক হব না কেন! তাই, অনাসক্ত বৈদান্তিক সন্ন্যাসী হয়ে মানুষ আর ভালোবাসার কথা, মানুষকে ভালোবাসার কথা, মানুষের ভালোবাসার কথা বলে গেলেন নির্ভয়ে।
(নিচের ছবিটি বেলুড় মঠের সৌজন্যে প্রাপ্ত। স্বামীজীর ঘর, কোনও এক সকালবেলা। আলো এসে পড়েছে। তাঁর শয্যা, লেখাপড়ার টেবিল ভেসে যাচ্ছে আলোয়।)
Comments
Post a Comment