অনন্তের জন্মোৎসব

মথুরবাবুকে এমনই একটি শাখা দেখিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, "তিনি ইচ্ছাময়। তাঁর ইচ্ছা হলে, লাল ফুলের গাছেও সাদা ফুল ফুটতে পারে।"

বিজ্ঞানে, বিশেষ ধরণের জেনেটিক মিউটেশনের ফলাফল। বিরল, কিন্তু সম্পূর্ণ যুক্তিযুক্ত।

শ্রীরামকৃষ্ণের "তিনি ইচ্ছাময়", বা "তাঁর ইচ্ছায় সব হয়" – ইত্যাদি কথার জন্ম কোনও অলৌকিকতা প্রচারের তাগিদে নয়। এসব উচ্চারণের সৃষ্টি হয়েছে মানুষকে এটুকু বোঝাতে যে পৃথিবীব্যাপী অণু-পরমাণুতে যে শক্তি ক্রিয়াশীল, তাঁর অনন্ত কর্মপদ্ধতি, কর্মবিন্যাস নিয়ে ভবিষ্যদ্বাণী করতে যেও না, বাবু। মানব-কেন্দ্রিক, সব-বুঝে-যাওয়া, সবকিছুকে তত্ত্বের কাঠামোয় ফেলে মিলিয়ে দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসো।

"The force that through the green fuse drives the flower, drives my green age." যে শক্তি ওই গাছে ইচ্ছেমতো ফুল ফোটাচ্ছে, সরীসৃপের ঘরে পাখির জন্ম দিচ্ছে, সে তোমারও বাপ-ঠাকুরদাকেও একদিন এনেছিল বাঁদর থেকে। না আনলেও তো চলতো, বলো? তবু তো এনেছিল। তাঁকে প্রকৃতিই বলো, আর ঈশ্বর বলো, আর মহামায়াই বলো, আর যা-ই বলো বা না বলো, তাঁর পূর্বাভাস দিতে যেও না। 

অনন্ত শক্তির এই খেয়াল আমরা কেউই বুঝি না। তবু, তিনি যে খেয়ালি, রসময় – এ কথা যিনি সত্য সত্য বোঝেন, তিনিই অনন্ত হয়ে ওঠেন। 
আজ, সেই অনন্তের – শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্মতিথি। আনন্দ এটুকুই, তাঁর জন্মোৎসবের দিনেই এই জবাগাছটি চোখে পড়লো; একই ডালে দুই রঙের জবা। বিরল জেনেটিক মিউটেশন বলতেই পারি, তবু যেন মনে হল – ঠাকুর এসে বলে গেলেন, "তিনি সত্যিই ইচ্ছাময়।"

বা মহামায়াই যেন তাঁর প্রিয় সন্তানের জন্মতিথি এভাবে পালন করলেন।

Comments