কথা দেওয়া, কথা রাখা
দক্ষিণেশ্বরের সেই ঘর জমজমাট, প্রতিদিনের মতোই অনেকের ভিড়। সকলের মাঝে, খাটে বসা মানুষটি থেকে থেকে ধ্যানমগ্ন, সময়ে সময়ে আলাপচারিতায় ব্যস্ত। গিরীশ ঘোষ এসে ঢুকলেন, সঙ্গে বহুদিনের এক-গেলাসের বন্ধু কালীপদ ঘোষ। গিরীশ এর মধ্যে বহুবার আসা যাওয়া করলেও, কালীপদ এই প্রথম এসেছেন, আর প্রথমবারেই কী রূপ, আহা – 'পা থেকে মাথা পর্যন্ত টলমল করে'!
স্বভাবতই ঘরের আর সকলের নাক-সিটকানো অবস্থা, "গেল-গেল" রব ওঠা বাকি কেবল। খাটে বসে পরমহংস একবারমাত্র কালীপদ'র তাকিয়ে বললেন, "ওই রে! এ তো সেই লোকটা এসেছে, নিজের বউকে জ্বালাতন করে মারছে শেষ বারো বছর!" ঘরের বাকি কেউ অবশ্য এই অনুষঙ্গ বুঝলো না, তবে এ কথা সত্য যে তার বারো বছর আগে কালীপদ ঘোষের স্ত্রী আচমকাই একদিন এসেছিলেন ঠাকুরের কাছে, মদ্যপ স্বামীকে সামলানোর দুঃখের কথা বললে ঠাকুর যদি কিছু সুরাহা করে দেন, এই আশায়। ঠাকুর পাঠিয়েছিলেন শ্রীশ্রীমায়ের কাছে, মা দিয়েছিলেন আশীর্বাদী ফুল, কিন্তু সব মিলিয়ে সুরাহা যে তেমন হয়নি, তার প্রমাণ বারো বছর পর ঠাকুরের দোরগোড়ায় দণ্ডায়মান।
গিরীশ কী করতে এনেছেন তাঁকে, ততক্ষণে কালীপদ ভুলেই মেরে দিয়েছেন দিব্যি। ঢুলু ঢুলু চোখে ঠাকুরকে দেখে জিজ্ঞেস করলেন, "ভালো সুরা-টুরা কিছু হবে নাকি?" ঘরের কে কোথায় মুখ লুকোবে ভাবতে ব্যস্ত, ঠাকুর এমন সময় ভারি মিষ্টি হেসে কালীপদকে বললেন, "হ্যাঁ সে আছে তো। দিতে পারি। তবে বাপু সে খেলে কিন্তু বাকি সব নেশা ছেড়ে দেবে তুমি, এমন স্বাদ লাগবে!"
গোল গোল চোখে কালীপদ তাকান, "বলো কী! দিশি, না বিলিতি?"
"দিশি, এক্কেরে দিশি।"
২
দিশি যে সুরার ভাবে কালীপদকে আনলেন ঠাকুর, সেই সুরায় দীক্ষিত হয়েছেন তাঁর বারো সন্ন্যাসী শিষ্য, এবং অগণিত সংসারী। সেদিনের পর বখাটে বিত্তবান কালীপদ ঘোষ আর গেলাসে ফিরেছিলেন কিনা, সে খবর জানা যায় না, সে প্রশ্নও অবান্তর। এটুকু জানা যায়, দক্ষিণেশ্বরে আসতে শুরু করেছিলেন নিয়মিত।
লেকিন পিকচার অভি বাকি হ্যায়! একদিন দুপুর নাগাদ ঠাকুর বেরোচ্ছেন, কলকাতায় যাবেন। ঘোড়া-গাড়ি দাঁড়িয়ে আছে। এমন সময়ে নিজের বজরায় চেপে দক্ষিণেশ্বরের ঘাটে এসে নামলেন কালীপদ ঘোষ।
"কালীপদ এসেছো? আজ যে বেরোচ্ছি গো, কলকাতায় যাওয়া।"
"আমাদের দিকেই যাচ্ছেন বুঝি? আসুন তবে, বজরাতেই ছেড়ে দিই আপনাকে।"
"কিন্তু ঘোড়ার গাড়ি যে বলা হয়ে গেছে! ওই তো সে দাঁড়িয়ে!"
কালীপদ ঘোড়ার গাড়ির ভাড়া মিটিয়ে তাকে ফেরৎ পাঠিয়ে ঠাকুরকে নিয়ে উঠলেন বজরায়। গঙ্গাবক্ষে চলেছেন তাঁরা, দুপুর গড়িয়ে মনোরম বিকেলের পথে দূরের শহর। এমন সময়, কথা নেই বার্তা নেই, মাঝগঙ্গায় কালীপদ হঠাৎ বললেন, বজরা থামাও!
থামলো। ঠাকুর একটু উশখুশ করছেন, "কী গো, বজরায় সমস্যা হয়েছে নাকি?"
কালীপদ এসে বসেন ঠাকুরের পায়ের কাছে। "না, বজরা আবার চলবে। আগে আপনি আমায় আশীর্বাদ করুন, এই মুহূর্তে। বজরা আবার চালাতে বলবো।"
পরমহংস থতমত। "আশীর্বাদের আবার এখন তখন কী গো! আমি তো আশীর্বাদ করেছি তোমায়, তোমাদের জন্য প্রার্থনা করি সবসময়। আশীর্বাদ তো আছেই।"
"না ওরকম না। আরও আশীর্বাদ করুন আমায়।"
"বেশ এই নাও, মনে প্রাণে আবার আশীর্বাদ করলাম। এবার চালাও গো বজরা। আমার দেরী হয়ে যাবে যে..."
"না প্রভু", হাত ধরে বলেন কালীপদ, "আপনি বুঝছেন না। আপনি আমায় আশীর্বাদ করুন। না হলে বজরা আমি এখানেই দাঁড় করিয়ে রাখবো।"
এ তো মহা ফাঁপর! কালীপদ যে জলপুলিশের আওতায় এসব ভুল বকছেন, এমন নয়। দিব্যি টনটনে জ্ঞান। ঠাকুর উপায়ান্তর না দেখে মন্ত্র দিলেন শেষে, সেই গঙ্গাবক্ষেই। "রোজ জপ করবে, তাহলেই হবে। হয়েছে শান্তি? এবার চলো!"
"না।"
"আবার কী?"
"আরও আশীর্বাদ করুন।"
"উফ এ তো মহা জ্বালা! আচ্ছা যাও জপ-টপও করতে হবে না তোমায়, এমনিই মন্ত্র মন্ত্রের কাজ করবে। হয়েছে?"
"না।"
"তুমি কী চাও বাপু, ঝেড়ে কাশো তো!"
তদ্দিনে কালীপদ নেশা ছেড়ে দিলেও, আগের বখাটে স্বভাবের অভিঘাতে নষ্ট হতে চলেছে পারিবারিক বহু সম্পর্ক। সে নিয়ে অভিমানী কালীপদ এবার ঠাকুরকে বলেন, "আমি যখন মরবো, আমার পাশে আর দ্বিতীয় কেউ থাকুক আমি চাই না। পরিবারের কাউকে আমি চাই না। পুরো অন্ধকার হয়ে যাক। কিন্তু ঠাকুর, কথা দিন, আমার মরার সময়ে আপনি আমাকে নিতে আসবেন। ওই অন্ধকারের মধ্যে দিয়ে আপনি আসবেন, আলো হাতে। এসে, আমায় নিয়ে যাবেন আপনার সঙ্গে। কথা দিন।"
আবেগতাড়িত কালীপদকে ঠেকাতে ঠাকুর বলেন, "উফ, আচ্ছা তাই হবে। আসবো খন। এবার চলো তো দেখি।"
বজরা আবার চলতে শুরু করে।
৩
ঠাকুর দেহ রাখার পরেও দীর্ঘ সময় বেঁচেছিলেন কালীপদ ঘোষ। পারিবারিক সব সম্পর্ক স্বচ্ছন্দ হয়েছিল আবার, শান্তি ফিরে এসেছিল। তাঁর বিত্ত, সঞ্চয় কালীপদ ব্যবহার করেছিলেন মানুষের কাজে; এমনকি মিশন প্রতিষ্ঠার সময়ে ও তার আগে বারো শিষ্যের চরম দুর্দশার দিনে যথাসাধ্য আর্থিক সাহায্য করে তাঁদের লক্ষ্যে অবিচল থাকতে সাহায্য করেছিলেন কালীপদ।
কিন্তু দিন তাঁরও ফুরোলো। শেষ শয্যায় শায়িত তিনি, নিজের ঘরে। সেদিনের সন্ধে নেমেছে; শোকের আবহ। পরিবারের স্ত্রীরা তাঁকে ঘিরে শেষ কিছু মুহূর্তের শুশ্রূষায় ব্রতী। খবর পেয়ে কালীপদকে দেখতে মিশন থেকে এসেছেন লাটু মহারাজ (সম্ভবত)। স্বামীজী আসায় নিজেদের শোক কিছুটা সংযত করে, ঘোমটা টেনে ঘর থেকে বেরিয়ে যান মেয়েরা, হয়তো বা লাটু মহারাজ নিভৃতে দু' কথা বলবেন কালীপদকে, এমনটা ভেবে। বেরিয়ে যাওয়ার সময় শেষ মেয়েটি তার হাতের লণ্ঠন দিয়ে যায় মহারাজকে।
ইংরাজিতে বলতে গেলে, as fate would have it, সেই মুহূর্তে অন্ধকার। শয্যার চারপাশে পরিবার-স্বজন কেউ নেই। আলো হাতে এসে দাঁড়ান এক সন্ন্যাসী। তাঁর দিকে তাকিয়ে, দৃঢ় স্বরে, আনন্দে, উদ্ভাসে কালীপদ বলে ওঠেন, "ঠাকুর, তুমি এতদিন পরেও মনে রেখেছো? তুমি মনে করে ঠিক এসেছো?"
কালীপদ ঘোষের শেষ কথা এটিই।
Comments
Post a Comment