ঠাকুর
দুধের স্বাদ কেমন, মুখে বলা যায়?
ঠাকুর বলতেন, 'দুধ কেমন? না দুধ যেমন।' যে খেয়েছে, এক সে-ই জানে। অপরকে মুখে ব্যাখ্যা করা যায় না।
শ্রীরামকৃষ্ণ নিজেও তেমনি। তিনি কেমন? না তিনি যেমন। তিনি যা, তিনি তা-ই। কেউ বলেন তিনি করুণাময়, কেউ বলেন প্রেম জমাট বাঁধলে তাঁর মতো দেখায়, কেউ বলেন তাঁর দুই চোখ জ্ঞানাঞ্জন-চর্চিত। কেউ বলেন তিনি ভক্তের রাজা, দাসানুদাস। কেউ বলেন, তিনিই স্বয়ং কালী। কেউ বলেন, উন্মাদ। কেউ, বন্ধু। সন্তান।
যে যেমন ভাব নিয়ে তাঁকে দেখেন, তিনি তেমনই। এটুকুই সাদৃশ্য এই সবকিছুর মধ্যে যে, তিনি কারো দেখাকেই ফিরিয়ে দেন নি, কারো দেখাকেই শেষ কথা বলেন নি।
তিনি সর্বভাবগ্রাহী। যে ভাবে যে মানুষ আশ্রয় চেয়েছে, তিনি তেমনই আশ্রয় হয়েছেন তার কাছে। যেভাবে তাঁকে সাজিয়ে তাঁর দিকে তাকিয়ে মানুষ দু চোখ ভরে দেখতে চেয়েছে, তিনি তেমনই সেজেছেন।
আজ তাঁর ১৮৯ তম জন্মতিথি। শ্রীরামকৃষ্ণকে জানার আগ্রহ যাঁদের এসেছে, সেই কাজ চলতে থাকুক। উত্তরোত্তর নতুন নতুন ভাবে তাঁকে আমরা খুঁজি, পাই। শ্রীরামকৃষ্ণ আছেন, সবসময়। আমাদের সকলের জন্য।
Comments
Post a Comment