বালক ঈশ্বর

তাঁকে ঘড়িতে বেঁধে
শাস্ত্র-মন্ত্রের জামা পরিয়ে
নিয়মাবলীর পেপারব্যাকে
পালন করা বড় কঠিন।

তিনি কখনও
গঙ্গামাটিতে পা ডুবিয়ে বসে থাকেন
দখনে বাতাস দিলে
তাঁর হৃদয়সমুদ্রের সুবিশাল ঢেউগুলি
কথায়, গানে আছড়ে পড়ে;
পথকুকুরের ক্ষুধার্ত জিভে তিনি রাখেন
আপন গরাসের অন্ন,
জিলিপির চাঙারি কখনও নিজের জন্য
আড়াল করেন দু হাতে,
অতিথি শিশুর থেকে – আর
সেই হাতই একদিন উত্থিত হয় বরাভয়ে
– 'চৈতন্য হোক।'

প্রতিটি ধূলিকণা, পতঙ্গ, তৃণাগ্র
তাঁর ব্রহ্মময়ী!
বালক ঈশ্বর আমার –
তাঁকে পালন করা বড় কঠিন।

Comments