আমি কেন তবুও ডাকিনি?
কত ভাব এসে, ছেড়ে গেছে। যা এসেছিল, আঁকড়ে ধরেছিলাম দুই হাতে; যখন গেছে, একেবারে শূন্য ভেবেছি নিজেকে। এইই শেষ। ক' দিন পর আবার সেই আসা-যাওয়ারই গল্প। আবার কুবের, আবার শূন্য।
কত ভাব ছেড়ে যাবো-যাবো করছে। প্রতিদিন তাদের সঙ্গে বাঁচা-মরার যাত্রাপথ পেরোতে পেরোতে বুঝি, এই হয়তো শেষ কিছুদিন। হয়তো আর ক' মাস। বা বছর। তারপর আবার শীতের আমলকি পাতার মতো ঝরে ঝরে পড়বে তারা। ফোস্কার খসে পড়া মামড়ির মতো শুকোবে তারা। হয়তো এককালে তাদের ধরেছিলাম শক্ত হাতে, তাই সেই স্মৃতিদাগ এখনও কব্জির কাছে কালসিটের বালা হয়ে থাকে – আহা, আপন করার অলংকার! তবু, সে মুঠো ধীরে ধীরে আলগা হয়েছে। এখন, ছেড়ে যাওয়ার মুখে ছাড়তে দ্বিধা হয় না। হাত কাঁপে না। কষ্ট বলতে এটুকুই, এককালের সেই ব্যথাদাগ যে আসলে অপরিণত ভালোবাসার 'আমার' করে নেওয়ার ভ্রান্ত চেষ্টা ছিল, অনাদরের প্রবৃত্তি ছিল না – এ কথা তাদের না বলাই রয়ে গেল। যে সুখে তাদের প্রেম দিয়েছিলাম, সে সুখ তাদের শৃঙ্খল হয়েছে আজ।
কত ভাবের সঙ্গে ঘর করি এখন সুখে, আর জানি, তারাও যাবে একদিন। হাত এখন আর জেনেশুনে বাঁধন হয় না তেমন। শুভাকাঙ্খা থাকে, দুশ্চিন্তাও থাকে মনে। আনন্দে হৃদয়ছন্দ বাড়ে, শোকে কে যেন আঁচড়ে দেয় বুকের মধ্যিখান। ভেসে যাওয়া থাকে জোয়ারে, টানের সময়ে মাটিতে আটকে যাওয়া – সে'ও থাকে। তবে এ জোয়ারও আর করালী নয়, ভাটিও কঙ্কালী নয়। আছি; এইই বেশ। তারা যাবে, এই ভেবে হারানোর ভয় আসে? আসে। কিন্তু ছিন্ন হওয়ার টান আমার বা সে ভাবের গায়ে কেটে বসবে না, বুঝি।
শুধু তোমার ভাব যায় না, সেই যে এসেছে। আমি সেই ভাবকে ধরিনি; ছুঁয়েও দেখিনি। নবান্নের ধানের মতো তাকে লুটিয়ে পড়ে থাকতে দেখেও, পাশ কাটিয়ে চলে গেছি বরাবরই। গন্তব্য অন্যখানে, ভেবেছি। শেষে গন্তব্য ফুরিয়েছে, পথও ঘুরেফিরে আমায় এনে ফেলেছে ভুলভুলাইয়ায়। সব ফুরোলে, সব শেষ হয়ে গেলে, সবই আসা ও যাওয়ার প্রতিশ্রুতি দিলে, সেই সব পেরিয়ে দেখেছি, জোছনার মতো তোমার হাসি, মধুময় কণ্ঠস্বর।
পরে কী হয় তা কে জানে। কিন্তু তোমার ভাব বলে, সে যাবে না। আসতে দেরী হয়েছে যার, আমি একবার না চাইতেই যে আমায় অতলান্ত জড়িয়ে রেখেছে, সে যাবে না বলেই মনে হয়। কোনও ধুন্ধুমার স্বপ্ন নেই তোমার ভাবে, আত্মপ্রতিষ্ঠা নেই, নেই বাণীসর্বস্বতা। আছে বলতে তোমার ঐ অর্ধোন্মীলিত চোখদুটি। তাতে সুর বাজে সহজের – জীবনের কাছে সমর্পিত হওয়ার চেয়ে বড় ধর্ম নেই।
কালান্তরে দাঁড়িয়ে, ঘোর অন্ধকার নদীতেও তুমি বুক ঠুকে বলে ওঠো সামান্য কটি স্নেহশব্দ – 'একবার আন্তরিক যে ডেকেছে, তাকে এঁর কাছে আসতেই হবে।'
আমি কেন তবুও ডাকি নি?
Comments
Post a Comment